কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ১৯ বিজিবির অভিযানে ভারতীয় জিরা, চা ও গরু জব্দ
স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৫৪ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। রোববার (১৯ জুলাই) ভোরে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চাপাতা ও চারটি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮০ কেজি ভারতীয় জিরা এবং ৫০০ কেজি ভারতীয় চাপাতা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের সিজারমূল্য ৫১ লাখ ৪৬ হাজার টাকা।
একই দিনে জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির টহল দল পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুর সিজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, দুই অভিযানে জব্দ হওয়া মালামালের মোট সিজারমূল্য ৫৪ লাখ ২৬ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।