logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৫ জুলাই ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ৮ যানবাহনভর্তি চোরাই পাথর জব্দ

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুলাই ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ জুলাই ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ৮ যানবাহনভর্তি চোরাই পাথর জব্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮টি যানবাহনভর্তি চোরাই পাথর জব্দ করেছে উপজেলা প্রশাসন।


সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে দুটি হাইড্রোলিক ট্রাক ও ছয়টি ট্রাক্টরে থাকা প্রায় ২ হাজার ২০০ ঘনফুট আস্ত ও ভাঙা পাথর জব্দ করা হয়। এর মধ্যে উৎমা ছড়ার প্রায় ৮০০ ঘনফুট বোল্ডার, সাদা পাথরের ৪০০ ঘনফুট বোল্ডার এবং সাদা পাথর ও উৎমা ছড়ার ১ হাজার ঘনফুট ভাঙা পাথর রয়েছে।


প্রশাসন জানায়, এর আগে বিভিন্ন সময়ে সাদাপাথর, শাহ আরেফিন টিলা ও উৎমা ছড়া এলাকা থেকে জব্দ করা পাথর স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হতো। তবে রাতের আঁধারে এসব পাথর চুরির ঘটনা ঘটায় সরকার রাজস্ব হারাত। এ কারণে বর্তমানে জব্দকৃত আস্ত পাথর উপজেলা পরিষদের পাশের নদীর বাঁধ এলাকায় ডাম্পিং করা হচ্ছে এবং ভাঙা পাথর উপজেলা পরিষদ চত্বরে সংরক্ষণ করা হচ্ছে।


এছাড়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে জব্দ করা ভাঙা পাথর স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের নির্মাণকাজে বিতরণ করা হয়ে থাকে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, "বিভিন্ন এলাকায় পাথর লুটপাট ও অবৈধ উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সাদাপাথরকাণ্ডের পর থেকে এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা অর্থদণ্ড এবং ৩০০-এর বেশি ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে নিলামের মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।"


তিনি আরও জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16468
Page of