logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৪ জুলাই ২০২৬ ০১:৫৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে বিট পুলিশিং সভা: মাদক, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা জোরদারের আহ্বান

মাদক-চোরাচালান রোধে জৈন্তাপুরে বিট পুলিশিং সভা, জনগণের সহযোগিতা চাইল প্রশাসন

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ০১:৫৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ জুলাই ২০২৬ ০১:৫৭ পূর্বাহ্ন
মাদক-চোরাচালান রোধে জৈন্তাপুরে বিট পুলিশিং সভা, জনগণের সহযোগিতা চাইল প্রশাসন

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, নারী নির্যাতন, অনলাইন জুয়া ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে বিট পুলিশিংয়ের উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে ২নং বিটের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকার খাশিয়া সম্প্রদায়ের প্রতিনিধি, চা-বাগানের নারী-পুরুষ শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


সভায় প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায় বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; এজন্য সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মানবপাচার ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত প্রশাসন ও পুলিশের কাছে জানাতে অনুরোধ করেন।


তিনি আরও বলেন, জৈন্তাপুর সবুজে ঘেরা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি জনপদ। প্রকৃতির এমন কোনো সৌন্দর্য নেই, যা এখানে অনুপস্থিত। তবে ‘জ্বলন্ত প্রদীপের নিচেও অন্ধকার থাকে’— সেই অন্ধকারে জৈন্তাপুরকে কখনো নিমজ্জিত হতে দেওয়া যাবে না। আগামী প্রজন্মকে আলোর পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


সভার প্রধান বক্তা জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রেখেছে। মাদক, চোরাচালান, মানবপাচার কিংবা অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।


ওসি আরও বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।


সভায় আরও বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, সাবেক ইউপি সদস্য আবুল হাসিম সুন্দই এবং বর্তমান ইউপি সদস্য রাজু সিং।


স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন খাশিয়া কমিউনিটির নেত্রী আইরিন খাসিয়া। এ সময় কমিউনিটি নেতা টেম লানং, কা মিন খাশিয়া ও ডিবেনসনসহ খাশিয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নিজস্ব কৃষিপণ্য পান ও সুপারি সুষ্ঠুভাবে বাজারজাতকরণে যেকোনো ধরনের হয়রানি রোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


সভা পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকার। সার্বিক সহযোগিতায় ছিলেন এএসআই জিয়াউর রহমান।


সভায় বক্তারা জানান, স্থানীয় সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় আগামী ১ আগস্টের আগে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমাতে ধারাবাহিক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এর অংশ হিসেবে আগামী দুই সপ্তাহ বিট পুলিশিংয়ের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণকে নিয়ে আরও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16421
Page of