logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৩ জুলাই ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জকিগঞ্জে ৪ বছর পর দেশে ফেরা অস্ট্রেলিয়া প্রবাসী হাসপাতালে, খালাসহ আহত ২; অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ জুলাই ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ জুলাই ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ন
জকিগঞ্জে ৪ বছর পর দেশে ফেরা অস্ট্রেলিয়া প্রবাসী হাসপাতালে, খালাসহ আহত ২; অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওসির

জকিগঞ্জ প্রতিনিধি:


সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে চার বছর পর দেশে ফেরা এক অস্ট্রেলিয়া প্রবাসীর ওপর হামলা, বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার পীরনগর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত হন অস্ট্রেলিয়া প্রবাসী এম কে সোলেমান আহমদ এবং তাঁর খালা আলতা বেগম। গুরুতর আহত সোলেমান আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এম কে সোলেমান আহমদ পীরনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. কাজী নাজিম উদ্দিনের ছেলে। তাঁর আরেক ভাই এম কে রোমান আহমদ আয়ারল্যান্ড প্রবাসী।


স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ চার বছর অস্ট্রেলিয়ায় অবস্থানের পর সম্প্রতি নিজ গ্রামে ফেরেন সোলেমান আহমদ। দেশে ফেরার পর থেকেই একই গ্রামের আবদুল মালিক নেওয়ার ছেলে কাজী হালিমের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয় বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত কাজী হালিম স্থানীয়ভাবে শ্রমিক দলের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল।


অভিযোগ অনুযায়ী, রোববার বিকেলে কাজী হালিম ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে সোলেমান আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।


পরিবারের আরও অভিযোগ, হামলার পর অভিযুক্তরা বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিনের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরের আসবাবপত্র নষ্ট করার পাশাপাশি নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয় বলেও দাবি করেন তারা।


হামলার সময় আলতা বেগম বাধা দিতে গেলে অভিযুক্ত কাজী হালিম তাঁকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে আহত হন। আলতা বেগম উপজেলার বারহাল ইউনিয়নের নওয়াগ্রামের বাসিন্দা।


ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।


এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, শ্রমিক দলের নাম ব্যবহার এবং হামলা-লুটপাটের অভিযোগগুলো ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রের দাবি। অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16420
Page of