logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ জুলাই ২০২৬ ১০:২১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত, ‘ভারতের অভ্যন্তরে প্রবেশের’ দাবি বিজিবির

সিলেটে সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

গোয়াইনঘাটের ভাদেশ্বর সীমান্তে গভীর রাতে ঘটনা; লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠিয়েছে পুলিশ
চ্যানেল জৈন্তা নিউজ ১১ জুলাই ২০২৬ ১০:২১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ জুলাই ২০২৬ ১০:২১ অপরাহ্ন
সিলেটে সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট-লাখাট সীমান্তে খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তিনি ভারতীয় ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেলেও, ঘটনার সময় কী কারণে ওই এলাকায় গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মিনহাজ উদ্দিন লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।


স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই তারা নিহতের বাড়িতে যান এবং পুলিশ ও বিজিবিকে বিষয়টি অবহিত করেন। পরবর্তী আইনি ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে।


গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পরবর্তী কার্যক্রমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।”


এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “প্রাথমিক তথ্যে জানা গেছে, মিনহাজ উদ্দিন ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়াদের গুলিতে আহত হওয়ার পর তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সীমান্তে বিজিবির নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”


ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16397
Page of