logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১১ জুলাই ২০২৬ ০৫:০১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

চ্যানেল জৈন্তা নিউজ ১১ জুলাই ২০২৬ ০৫:০১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১১ জুলাই ২০২৬ ০৫:০১ অপরাহ্ন
সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু মারা গেছেন।


শুক্রবার (১০ জুলাই) রাত ১১টার দিকে তিনি মারা যান। 


শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন।


১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে ৩৯ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ওই সময় এই আসনের ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৬১০ ভোট এবং ভোটকেন্দ্র ছিল ১১৮টি।


তিনি ১৯৯৫ সালে বিএনপিতে যোগদান করেন। ১৯৯৬ সালের পনেরো ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচিত হন। ১৯৯৯ সালের শেষের দিকে আবারও জাতীয় পার্টিতে ফিরে যান।


২০০৮ সালে যুক্তফ্রন্ট (পিডিপি) থেকে কুলা প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করলেও পরাজিত হন।


শরফ উদ্দিন খসরু সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরের দক্ষিণভাগে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আসদ্দর আলী। তিনি গ্রামের স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করে ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও এমসি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।


এমরান আহমদ চৌধুরী এমপির শোক

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।


এমরান আহমদ চৌধুরী শোকবার্তায় বলেন, সিলেট-৬ আসনের সাবেক এমপি জনাব শরফ উদ্দিন খসরু ভাই ইন্তেকাল করেছেন। তিনি সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ ছিলেন। নির্লোভ সদালাপী অতি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত খসরু ভাইকে আল্লাহ্‌ জান্নাতবাসী করুন। বিগত নির্বাচনে তিনি ধানের শীষের পক্ষে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে অনেক পরিশ্রম করেছেন। সর্বশেষ গোলাপগঞ্জে বিগত রমজানে আমাদের ইফতার মাহফিলে ও যোগদান করেছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16394
Page of