logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১০ জুলাই ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে ট্রাক ভাঙচুর, চাঁদাবাজির অভিযোগ; ১২ জুলাই থেকে অনির্দিষ্টকালের বালু পরিবহন বন্ধের ঘোষণা

চ্যানেল জৈন্তা নিউজ ১০ জুলাই ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১০ জুলাই ২০২৬ ০৩:০৪ অপরাহ্ন
গোয়াইনঘাটে ট্রাক ভাঙচুর, চাঁদাবাজির অভিযোগ; ১২ জুলাই থেকে অনির্দিষ্টকালের বালু পরিবহন বন্ধের ঘোষণা

স্টাফ রিপোর্টার:

গোয়াইনঘাটে বালুবাহী ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজি এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী ১২ জুলাই (রবিবার) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বালু পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।


বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসক বরাবর দেওয়া এক স্মারকলিপিতে সংগঠনের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর এ অভিযোগ তুলে ধরেন।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৪ মে  তারিখে সরকার অনুমোদিত এক ইজারাদার ইজারার সীমানার বাইরে মালিকানাধীন জায়গা থেকে বালু উত্তোলন করায় গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে একটি ট্রাক ও তিনটি ট্রাক্টর ভাঙচুর করা হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।


এছাড়া পান্থুমাই সড়কের মাতুরতল বালুমহাল এলাকায় ইজারাকৃত স্থান থেকে ট্রাকে বালু পরিবহনের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি সড়কে বাঁশ ফেলে দুটি ট্রাক ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। অভিযুক্ত হিসেবে আকবর, ফয়জুল, ময়নুল ও এমরারের নাম উল্লেখ করেছে শ্রমিক ইউনিয়ন।


স্মারকলিপিতে আরও বলা হয়, বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ বৈধভাবে বালু পরিবহনকারী ট্রাকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।


শ্রমিক ইউনিয়নের অভিযোগ, জাফলং ইউনিয়ন ১, ২, ৩ ও ৪ নম্বর এলাকার নামে বালুবাহী ট্রাক থেকে প্রতি ঘনফুট বালুর বিপরীতে ২ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। বিষয়টি মৌখিকভাবে এবং টেলিফোনে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।


এ অবস্থায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ট্রাক ভাঙচুরের ক্ষতিপূরণ আদায়, চাঁদাবাজি বন্ধ এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী ১২ জুলাই সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বালু পরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।


উল্লেখ্য, স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলো সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দাবি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16364
Page of