কানাইঘাটের আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট উপজেলার আলোচিত জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামিসহ এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ৩য় খণ্ড গ্রামের সুন্দর করুণা দিঘি সংলগ্ন কালভার্টের দক্ষিণ পাশে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম (৩০)-এর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তার ভায়রা সম্পর্কে প্রধান আসামি শামীম উদ্দিনসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আলমগীর বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের সার্বিক দিকনির্দেশনায় কানাইঘাট থানা পুলিশের একটি চৌকস দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে গত ৫ জুলাই ২০২৬ কক্সবাজার থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি শামীম উদ্দিন (৪৫), ডালিম উদ্দিন (৩৫) এবং তারেক উদ্দিন (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত তিন আসামি জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, হত্যা মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে দ্রুত গ্রেপ্তার করায় নিহত জাহাঙ্গীর আলমের পরিবার কানাইঘাট থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।