জকিগঞ্জ-জৈন্তাপুর সীমান্তে বিজিবির সফল অভিযানে, জব্দ কোটি টাকার চোরাচালানি মালামাল
জৈন্তা নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযানে এক কোটি সাত লাখ ৬১ হাজার ৩২৫ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ জুলাই ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক বিশেষ আভিযানিক টহল পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,২০০ কেজি জিরা, ২,০০০ কেজি চা-পাতা এবং চোরাচালান কাজে ব্যবহৃত ৩টি বাংলাদেশি ডিআই পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট সিজারমূল্য ১ কোটি ৪ লাখ টাকা।
এছাড়া ৮ জুলাই ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭১৮ কেজি চিনি, ১টি মহিষ, ১০২ কেজি চা-পাতা এবং ৮৬ বিরা পান জব্দ করা হয়। এসব মালামালের মোট সিজারমূল্য ৩ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা।
দুই দিনের পৃথক অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৩২৫ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।