logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ জুলাই ২০২৬ ০২:১৯ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কফিনবন্দী হয়ে ফিরলেন কানাইঘাটের পাঁচ প্রবাসী, শোকে স্তব্ধ জনপদ

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০২:১৯ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুলাই ২০২৬ ০২:১৯ পূর্বাহ্ন
কফিনবন্দী হয়ে ফিরলেন কানাইঘাটের পাঁচ প্রবাসী, শোকে স্তব্ধ জনপদ

কানাইঘাট প্রতিনিধি: জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছিলেন সুদূর কাতারে। পরিবারের স্বপ্ন পূরণ, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ আর বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর প্রত্যাশায় প্রবাসজীবন বেছে নিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। নির্মম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে অবশেষে তারা ফিরলেন স্বজনদের কাছে—তবে জীবিত নয়, পাঁচটি কফিনবন্দী নিথর দেহ হয়ে।


মঙ্গলবার (৩০ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবকের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।


বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি, মায়ের বুকফাটা কান্না, স্ত্রী-সন্তান ও আত্মীয়দের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো এলাকার বাতাস। শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো কানাইঘাট।


পরিবারের মুখে হাসি ফোটাতে চার বছর আগে কাতারে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ (৩৩)। আগামী মাসেই ছিল তার জীবনের প্রথম দেশে ফেরার কথা। কিন্তু সেই প্রতীক্ষিত ফেরা আর হলো না। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার সব স্বপ্ন।


অন্যদিকে, আগতালুক গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ (২৮) মাত্র দুই মাস আগে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছিলেন। নিয়তির নির্মম পরিহাস—১২ বছর আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তার বাবা। এবার একই ধরনের দুর্ঘটনায় প্রাণ গেল ছেলেরও। একই পরিবারের বুকে আবারও নেমে এলো শোকের কালো ছায়া।


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার যোহরের নামাজের পর আকুনি মাদরাসা মাঠে একসঙ্গে পাঁচ প্রবাসীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।


নিহতরা হলেন—ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।


উল্লেখ্য, গত রোববার (২১ জুন) কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।


বিদেশে গিয়েছিলেন পরিবারের ভাগ্য বদলাতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা ফিরলেন কফিনবন্দী হয়ে। তাদের এই অকাল মৃত্যু শুধু পাঁচটি পরিবার নয়, পুরো কানাইঘাটবাসীকেই গভীর শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16244
Page of