জৈন্তাপুরে জনপ্রতিনিধি-গণমাধ্যমকে না জানিয়ে ব্র্যাকের কর্মসূচি, স্বচ্ছতা ও সমন্বয় নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক | জৈন্তাপুর
সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশীজনদের (স্টেকহোল্ডার) যথাযথভাবে অবহিত না করে উন্নয়ন সংস্থা ব্র্যাক দুটি কর্মসূচির আয়োজন করেছে বলে অভিযোগ উঠেছে। কর্মসূচিগুলোর বিষয়ে আগে থেকে পর্যাপ্ত প্রচার-প্রচারণা ও সমন্বয়ের অভাবে সংস্থাটির স্বচ্ছতা এবং কার্যক্রম পরিচালনা নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ জুন) সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের উদ্যোগে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। তবে সভা সম্পর্কে আগে থেকে কোনো ধরনের প্রচার বা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি বলে অভিযোগ রয়েছে। ফলে এলাকার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অংশীজন সভাটির বিষয়ে জানতেই পারেননি। অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে সীমিত পরিসরে সভাটি সম্পন্ন করা হয়।
এর আগে, গত ১৭ জুন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ব্র্যাকের উদ্যোগে একটি মৎস্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, প্রশিক্ষণে হাতেগোনা কয়েকজন প্রকৃত মৎস্যজীবী অংশ নিলেও অধিকাংশ অংশগ্রহণকারী ছিলেন ভিন্ন পেশার মানুষ। প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং আয়োজকদের ব্যর্থতা হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয়দের মতে, জনসম্পৃক্ত ও জনসচেতনতামূলক যেকোনো কর্মসূচিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত ও সম্পৃক্ত করা হলে কার্যক্রম আরও ফলপ্রসূ এবং গ্রহণযোগ্য হতো। বিশেষ করে মৎস্য বিষয়ক প্রশিক্ষণে প্রকৃত মৎস্যচাষী ও মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। তা না করে লোকদেখানো কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকারি (জিও) ও বেসরকারি (এনজিও) বরাদ্দের অপব্যবহার বা আত্মসাতের সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল ক্ষোভ প্রকাশ করে বলেন,
"জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের ছত্রছায়ায় এনজিওগুলো ইচ্ছেমতো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারা স্থানীয় জনপ্রতিনিধি কিংবা গণমাধ্যমকর্মী—কাউকেই তোয়াক্কা করে না।"
এদিকে, এমন পরিস্থিতিতে সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার এবং এনজিওগুলোর মাঠপর্যায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর তদারকির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
উল্লেখ্য: প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে ব্র্যাকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।