logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ জুন ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
দেয়াল ধসে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুগন্ধা নার্সারীতে ১৫ লাখ টাকার ক্ষতি, আহত ২

সিলেটে দেয়াল ধসে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুগন্ধা নার্সারীর ১৫ লাখ টাকার ক্ষতি

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুন ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ জুন ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ন
সিলেটে দেয়াল ধসে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুগন্ধা নার্সারীর ১৫ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক : সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের হারপাড়া এলাকায় আকস্মিক দেয়াল ধসে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুগন্ধা নার্সারীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেয়ালের চাপায় একটি স্টাফ কোয়ার্টার ও চারটি ইন্ডোর অর্কিড শেড বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন কর্মচারী ও একটি শিশু আহত হয়েছেন। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার গাছপালা, অবকাঠামো ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


ঘটনাটি ঘটে গত ২০ জুন ভোর প্রায় ৫টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুগন্ধা নার্সারীর পাশের ব্যবসা প্রতিষ্ঠান শাহ ফিরোজ এন্টারপ্রাইজের সীমানা প্রাচীরটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাতের কারণে প্রাচীরটি আরও দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে দেয়ালটি ধসে পড়ে নার্সারীর ওপর।


দেয়াল ধসের ফলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া নার্সারীর শেড, টব এবং অন্যান্য সরঞ্জামেরও বড় ধরনের ক্ষতি হয়েছে। ঘটনার সময় একটি বৈদ্যুতিক খুঁটিও উপড়ে নার্সারীর ওপর পড়ে। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।


সুগন্ধা নার্সারীর মালিক ও নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম বলেন, “আমরা গাছের চারাগুলোকে নিজের সন্তানের মতো লালন-পালন করি। অনেক যত্নে গড়ে তোলা এই নার্সারী জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। দেয়াল ধসের ঘটনায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও ধসে পড়া দেয়ালের মালিকপক্ষ আমাদের কোনো খোঁজখবর নিতে আসেনি, যা অত্যন্ত দুঃখজনক।”


তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত নার্সারীর পুনরুদ্ধার ও ক্ষতিপূরণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।


স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ দেয়াল ও স্থাপনা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।


এ বিষয়ে সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বলেন, “সুগন্ধা নার্সারীর সুনামের বিষয়ে আমি অবগত। তবে ঘটনাটি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে জানি না। ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


দীর্ঘদিনের পরিশ্রম ও পরিচর্যায় গড়ে ওঠা জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই নার্সারীর ক্ষয়ক্ষতির ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা দ্রুত প্রশাসনিক সহায়তা ও ন্যায্য ক্ষতিপূরণ প্রত্যাশা করছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16173
Page of