logo
চ্যানেল জৈন্তা নিউজ
আন্তর্জাতিক ২৩ জুন ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দাভোস মঞ্চে জলবায়ু নেতৃত্ব নিয়ে বক্তব্য আজ

চ্যানেল জৈন্তা নিউজ ২৩ জুন ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন আন্তর্জাতিক
চ্যানেল জৈন্তা নিউজ ২৩ জুন ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দাভোস মঞ্চে জলবায়ু নেতৃত্ব নিয়ে বক্তব্য আজ

সামার দাভোসে জলবায়ু নেতৃত্বের বার্তা দিতে চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বেইজিংয়ে শুরু হচ্ছে সরকারি সফরের মূল পর্ব


মালয়েশিয়ায় সফল সরকারি সফর শেষে তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস সম্মেলনে ‘Climate Leadership in a Shifting Global Landscape’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফরের দ্বিতীয় পর্যায়ে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে সরকারি সফরের মূল কর্মসূচি।


সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীনের দালিয়ান ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিমানবন্দরে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ চীনা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে তাঁকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান।


দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের গুরুত্বপূর্ণ অধিবেশনে জলবায়ু নেতৃত্ব বিষয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি ডব্লিউইএফের প্রেসিডেন্ট, বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি।


পরবর্তীতে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।


আগামী ২৫ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘Bangladesh Investment Forum’-এ প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসাবান্ধব নীতিমালা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে।


চীন সফরের আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।


প্রথমে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সীমিত পরিসরের বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরপর উভয় দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর।


বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। বিশেষ করে সামার দাভোস সম্মেলনে অংশগ্রহণ এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য দেশের অর্থনৈতিক সক্ষমতাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16128
Page of