logo
চ্যানেল জৈন্তা নিউজ
আন্তর্জাতিক ০৮ অক্টোবর ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সৌদিতে প্রবাসীদের বড় সুখবর: ওয়ার্ক ভিসার সঙ্গেই পরিবার আনার সুযোগ

চ্যানেল জৈন্তা নিউজ ০৮ অক্টোবর ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন আন্তর্জাতিক
চ্যানেল জৈন্তা নিউজ ০৮ অক্টোবর ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন
সৌদিতে প্রবাসীদের বড় সুখবর: ওয়ার্ক ভিসার সঙ্গেই পরিবার আনার সুযোগ

অনলাইন ডেস্ক :

সৌদি আরবে কর্মরত ও দেশটিতে কাজের জন্য যেতে ইচ্ছুক উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ চালু করেছে দেশটির সরকার। এখন থেকে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কর্মীর ওয়ার্ক ভিসা প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করা যাবে।


মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ।


নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাঁদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। তবে পরিবারের সদস্যদের জন্য ভিসা পেতে নির্ধারিত শর্ত ও আবেদনের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।


নতুন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীর কর্মসংস্থান ভিসার প্রক্রিয়া চলমান থাকলেও তাঁর যোগ্য পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। ফলে পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য কর্মীর ওয়ার্ক ভিসা সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করতে হবে না।


সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।


সৌদি আরবে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সম্পন্ন হবে।


নতুন এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে কর্মরত কিংবা দেশটিতে উচ্চ দক্ষতার চাকরিতে যেতে আগ্রহী বিদেশি কর্মীদের জন্য পরিবারকে সঙ্গে নিয়ে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18037
Page of