logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২২ জুন ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গোয়াইনঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ৩

চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুন ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২২ জুন ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন
গোয়াইনঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত ৩

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা নদীর পাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম ওই এলাকার কুতুব আলীর ছেলে।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধকে কেন্দ্র করে কামরুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।


অভিযোগ রয়েছে, সংঘর্ষের শুরুতে কামরুল ইসলাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের মেয়ে মোসাম্মৎ রুকছানা আক্তারের ওপর হামলা চালিয়ে তার বাম হাতে গুরুতর জখম করেন। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিল্লাল হোসেনের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে পাল্টা হামলা চালায়।


পাল্টা হামলায় কামরুল ইসলাম হাত, পা ও গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ ঘটনায় আহত হয়েছেন বিল্লাল উদ্দিন, তার মেয়ে রুকসানা বেগম এবং জুনেদ আহমদ। তাদের পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


পুলিশ জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16121
Page of