পাহাড়ি ঢলে তলিয়ে গেল সাদা পাথর, অনির্দিষ্টকালের জন্য পর্যটন স্পট বন্ধ
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
টানা দুই দিনের প্রবল বৃষ্টির মধ্যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদা পাথর’ পানির নিচে তলিয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটন স্পটটি বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলাই নদীর উৎসমুখে অবস্থিত সাদা পাথর পর্যটন স্পটে পাহাড়ি ঢলের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় সেখানে পর্যটকদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর স্থানীয় প্রশাসন সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে।
রোববার (২১ জুন) পরিদর্শনকালে দেখা যায়, পাহাড়ি ঢলের পানিতে সাদা পাথর পর্যটনকেন্দ্রের বেশিরভাগ অংশ তলিয়ে গেছে। প্রবল স্রোতের মধ্যে নৌকায় করে পর্যটকদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সাদা পাথরে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, অতীতেও বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে অসতর্কভাবে ঘুরতে এসে ধলাই নদীতে কয়েকজন পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সময় প্রশাসনিক নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থার বিষয়েও আলোচনা-সমালোচনা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সাদা পাথর পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে।”
এদিকে আকস্মিক পাহাড়ি ঢলে পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের জন্য পসরা সাজিয়ে বসা বেশ কয়েকজন ব্যবসায়ীর দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ব্যবসায়ী নৌকার মাধ্যমে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। পানির তোড়ে মালামাল ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।