যার যেখানে খালি জায়গা আছে, গাছ লাগান— নগরবাসীর প্রতি সিসিক প্রশাসকের আহ্বান
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পাঁচটি ওয়ার্ডে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতিসংঘের গণতন্ত্র তহবিলের (ইউএনডিইএফ) সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র উদ্যোগে পরিচালিত ‘ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়ক আবু বকর শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী। এ সময় সিটি কর্পোরেশনের পাঁচটি ওয়ার্ডের সচিবসহ এফআইভিডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ। সেই কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
তিনি আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশন একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী গড়ার লক্ষ্যে কাজ করছে। এফআইভিডিবির দেওয়া এসব চারা পর্যায়ক্রমে নগরের বিভিন্ন এলাকায় রোপণ করা হবে। পাশাপাশি সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে চলতি বছর নগরজুড়ে ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগর এলাকায় খালি জায়গা তুলনামূলক কম হলেও শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, সড়কের পাশে এবং অন্যান্য উপযুক্ত স্থানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গঠনেরও ভিত্তি তৈরি করে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু সরকারের উদ্যোগে নয়, সবার অংশগ্রহণেই একটি সবুজ নগরী গড়ে তোলা সম্ভব। যার যেখানে খালি জায়গা আছে, সেখানে অন্তত একটি করে গাছ লাগান। গাছ লাগানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ অপরিহার্য।
তিনি জানান, ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় চলতি বছর ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। এফআইভিডিবির দেওয়া এক হাজার চারা সেই উদ্যোগকে আরও গতিশীল করবে। পাশাপাশি সংস্থাটি পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন এলাকায় আরও পাঁচ হাজার চারা বিতরণ করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীল নগর গঠন এবং তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।