logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ জুন ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ওসমানীনগরে বসতঘর থেকে ব্যক্তির লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জুন ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ জুন ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
ওসমানীনগরে বসতঘর থেকে ব্যক্তির লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলায় নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে তুরন মিয়া (৪৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের মোহাম্মদপুর রাইকদাড়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।


শুক্রবার (১৯ জুন) দুপুর ১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে বিকেল ৪টার দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তারের নেতৃত্বে একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে।


এ সময় ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা দাবি করেন, রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তুরন মিয়াকে হত্যা করেছে। তবে পুলিশের উপস্থিতিতে প্রতিবেশীদের কেউ এ বিষয়ে মুখ খোলেননি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে তুরন মিয়ার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে বাড়ির লোকজন তার বোন ও ভাইকে খবর দেন। শুক্রবার সকালে তার ভাই এলাইছ মিয়া এসে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তুরন মিয়ার লাশ দেখতে পান। পরে বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানানো হলে দুপুরে ওসি মো. মুরশেদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে।


পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


সরেজমিনে দেখা যায়, তুরন মিয়া একটি টিনশেড ঘরে বসবাস করতেন। ঘরের দরজা ভাঙা থাকায় তা জিআই তার দিয়ে বাঁধা ছিল। স্থানীয়দের ভাষ্য, তিনি পূর্বে দুইবার স্ট্রোক করেছিলেন। এছাড়া সম্প্রতি একটি সরকারি সড়কের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তুলে প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ঠিকাদারপক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় নানা আলোচনা ও গুঞ্জন চলছে।


নিহতের ভাই এলাইছ মিয়া অভিযোগ করেন, সরকারি রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় তার ভাইকে প্রতিপক্ষের লোকজন বাড়িতে গিয়ে মারধর করেছিল। এ ঘটনায় গত ৬ জুন ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল। ওই বিরোধের জের ধরেই তার ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।


স্থানীয় ইউপি সদস্য এম রুম্মান আহমদ বলেন, রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে তুরন মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই ও ঠিকাদারপক্ষের বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছিল। বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরশেদুল আলম বলেন, “এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”


সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তার বলেন, “পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে।”

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16068
Page of