logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৮ জুন ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সুরমা সেতু, দুই পুলিশ ফাঁড়ি ও নদীভাঙন রোধে জোর দাবি: সংসদে সরব সিলেট-৫ এমপি আবুল হাসান

চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জুন ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৮ জুন ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন
সুরমা সেতু, দুই পুলিশ ফাঁড়ি ও নদীভাঙন রোধে জোর দাবি: সংসদে সরব সিলেট-৫ এমপি আবুল হাসান

কানাইঘাট প্রতিনিধি।

জাতীয় সংসদে চলমান ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বাজেট আলোচনায় প্রায় সাত মিনিটের বক্তব্যে তিনি প্রস্তাবিত বাজেটের কিছু দিককে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কানাইঘাট ও জকিগঞ্জের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

বক্তৃতার শুরুতে তিনি কওমি মাদ্রাসার জন্য প্রস্তাবিত বাজেটে আলাদা বরাদ্দ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী কওমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলেও এ খাতকে বাজেটে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তিনি কওমি শিক্ষার উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানান।

এ ছাড়া দেশের মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালুর আহ্বানও জানান তিনি।

নিজ নির্বাচনী এলাকার অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে সিলেট-৫ আসনের বিভিন্ন সড়কের দ্রুত সংস্কার এবং উন্নয়ন প্রকল্পসমূহ স্বচ্ছভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এমপি আবুল হাসান।

কানাইঘাট উপজেলার ১ নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি -এর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, সেতুটি নির্মিত হলে এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে তিনি সিলেট-৫ আসনে দুটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবও দেন। এর মধ্যে একটি কানাইঘাটের গাছবাড়ী এলাকায় এবং অন্যটি জকিগঞ্জের শাহবাগ এলাকায় স্থাপনের দাবি জানান তিনি।

বক্তৃতার শেষাংশে ও সুরমা নদীর ভয়াবহ ভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সংসদ সদস্য। তিনি বলেন, প্রতিবছর নদীভাঙনের কারণে হাজারো মানুষ ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন। তাই এ সমস্যার স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।

সংসদে দেওয়া বক্তব্যে সিলেট-৫ আসনের যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা, ধর্মীয় শিক্ষা এবং নদীভাঙন প্রতিরোধের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন এমপি মুফতি মোহাম্মদ আবুল হাসান।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16044
Page of