দীর্ঘদিন বন্ধ থাকা ৮ বিমানবন্দর সচল করার উদ্যোগ, আবার চালু হচ্ছে শমশেরনগর বিমানবন্দর
স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিন ধরে অচল ও অব্যবহৃত অবস্থায় থাকা দেশের আটটি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দরও আবার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে একটি প্রস্তাব ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিমানবন্দরগুলো পুনরায় সচল করার বিষয়ে কাজ চলছে। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং পর্যটন শিল্পের বিকাশে এসব বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বেবিচক সূত্রে জানা গেছে, পুনরায় চালুর পরিকল্পনায় থাকা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, শমশেরনগর, কুমিল্লা ও পটুয়াখালীসহ মোট আটটি অব্যবহৃত বিমানবন্দর। প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই, অবকাঠামোগত সংস্কার এবং পরিচালন সক্ষমতা মূল্যায়নের পর পর্যায়ক্রমে এসব বিমানবন্দর চালু করা হবে।
সরকারের মহাপরিকল্পনায় প্রথম ধাপে বগুড়া ও ঠাকুরগাঁও বিমানবন্দরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।
মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর একসময় দেশের অভ্যন্তরীণ বিমান যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। চা-বাগান অধ্যুষিত এই অঞ্চলে পর্যটন ও ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধির কারণে বিমানবন্দরটি পুনরায় চালুর দাবি দীর্ঘদিনের। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি চালু হলে সিলেট বিভাগের পর্যটন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় সমীক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন শেষে পর্যায়ক্রমে বিমানবন্দরগুলো পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।