জগন্নাথপুরে মসজিদে মাসআলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ অন্তত ৫০ জন আহত
জগন্নাথপুর প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মাসআলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ১৩ জুন শনিবার তেলিকোনা জামে মসজিদে একটি মাসআলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে আলম মিয়া, আবুল হোসেন, জাহিদুর রহমান, জুবায়ের আহমদ, শহিদুর রহমান, মনসুর মিয়া, এলিন মিয়া, সজ্জাদ মিয়া, সাইদুর রহমান, তুহিন মিয়া, লেবু মিয়া, মাতাই মিয়া, ফারুক আহমদ, বিলাল হোসেন, আহমদ আলী, আলী হোসেন, তফিক আলী, নাসির উদ্দিন, আজির উদ্দিন, আবদুল আলীম, ছানা বেগম, ফয়জুর রহমান, তাহিদ মিয়া, আজিজুর রহমান, রুমেন মিয়া, ইকবাল হোসেন, তুয়েল আহমদ, আবু সাইদ, আনোয়ার হোসেন, আলীনুর মিয়া, আছাবুর রহমান, সিফাত মিয়াসহ আরও অনেকে রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুবেল জানান, সংঘর্ষে আহত ৩২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি এবং কোনো মামলা দায়ের হয়নি।