logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১২ জুন ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কিনব্রিজ-চাঁদনীঘাট-আলী আমজদের ঘড়ি এলাকা ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ ঘোষণার দাবি

চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুন ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১২ জুন ২০২৬ ০১:৩৮ পূর্বাহ্ন
কিনব্রিজ-চাঁদনীঘাট-আলী আমজদের ঘড়ি এলাকা ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ ঘোষণার দাবি

নিউজ ডেস্ক। 

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে এলাকাটির নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


এ দাবিতে বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে স্মারকলিপি দেয় ‘হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ’। নগরভবনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।


স্মারকলিপিতে বলা হয়, সুরমা নদীর ওপর নির্মিত শতবর্ষী কিনব্রিজ, হযরত শাহজালাল (রহ.)-এর স্মৃতিবিজড়িত চাঁদনীঘাট, পৃথিমপাশার জমিদার আলী আমজদের ঐতিহাসিক ঘড়ি এবং সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র সারদা হল—সবগুলোই সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক এসব স্থাপনা দেখতে আসেন।


তবে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদকসেবন, ভাসমান অনৈতিক কর্মকাণ্ড ও ‘মলম পার্টি’র তৎপরতা বেড়ে যাওয়ায় এটি সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করা হয়। এছাড়া সার্কিট হাউস সংলগ্ন সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের অবৈধ স্ট্যান্ড এবং চালকদের বেপরোয়া আচরণের কারণে পথচারী ও দর্শনার্থীদের দুর্ভোগ বাড়ছে।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ওই এলাকায় র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর নিরাপত্তাহীনতা ও উদ্বেগ আরও বেড়েছে।


এলাকাটিকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ ঘোষণার পাশাপাশি নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে চার দফা প্রস্তাব তুলে ধরা হয়। এগুলো হলো—ঐতিহ্য চত্বর এলাকা থেকে ট্রাক, পিকআপ ও অন্যান্য ভারী যানবাহন স্থায়ীভাবে অপসারণ, সারদা হল প্রাঙ্গণ থেকে সিটি কর্পোরেশনের পার্কিং করা যানবাহন সরিয়ে নেওয়া, আইনশৃঙ্খলা রক্ষায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং সরকারি উদ্যোগে সমন্বিত সৌন্দর্যবর্ধন ও আধুনিক উন্নয়ন প্রকল্প গ্রহণ।


স্মারকলিপি গ্রহণ করে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “কিনব্রিজ, আলী আমজদের ঘড়ি, চাঁদনীঘাট ও সারদা হল সিলেটের গৌরবের প্রতীক। এসব স্থাপনার সংরক্ষণ এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নাগরিক সমাজ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সিসিক সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”


তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী এ স্থানগুলোকে পর্যটকবান্ধব ও নিরাপদ করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ড. জহিরুল ইসলাম অচিনপুরী, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান নূর, সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ হান্নান, শাহ মো. আলী রব, আহমেদুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু, সহ-সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) শফিক মিয়া, আলাউদ্দিন হোসেন শাহ, সদস্য জুবের আহমদ সার্জন, সেবুল রেজা, সাংবাদিক এম এ ওয়াহিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15926
Page of