ভারতের কারাগারে সাজা শেষে তামাবিল হয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নাগরিক
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট: অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে ৭ জন বাংলাদেশি নাগরিক সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, এসব বাংলাদেশি বিভিন্ন সময়ে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তারা কারাভোগ করেন। দীর্ঘদিন শিলং জেলা কারাগারে সাজাভোগ শেষে বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ তাদের দেশে ফেরত পাঠায়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও দুই দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ৭ বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
ফিরে আসা ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জ সদর উপজেলার নইগাঙ এলাকার দুই ভাই মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকের বাজার গ্রামের মানিক আহমেদ, চানপুর গ্রামের মো. সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের মো. আল আমিন, শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের বাদশাহ মিয়া এবং সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার রেস্টলি ব্লাহ।