logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ জুন ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সিলেটের তীর্থস্থানে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের তিনদিনের তীর্থভ্রমণ, অংশ নিচ্ছেন ২৭ তীর্থযাত্রী

সিলেটের তীর্থপথে ২৭ ভক্ত, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের তিনদিনের বিশেষ কর্মসূচি

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ জুন ২০২৬ ০৩:৩৫ অপরাহ্ন
সিলেটের তীর্থপথে ২৭ ভক্ত, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের তিনদিনের বিশেষ কর্মসূচি

সিলেট: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সিলেট বিভাগের উল্লেখযোগ্য হিন্দু তীর্থক্ষেত্রসমূহ পরিদর্শনে তিনদিনব্যাপী তীর্থভ্রমণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৪ জুন (বৃহস্পতিবার) থেকে ৬ জুন (শনিবার) পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় হবিগঞ্জের শ্রীশ্রী শচীমাতা স্মৃতি ধাম, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন, শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম (তারাপাশা), সুনামগঞ্জের পনাতীর্থ ও তাহিরপুর এবং সিলেটের শ্রীশ্রী মহালক্ষ্মী মহাপীঠসহ অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় প্রতিষ্ঠান ও তীর্থস্থান পরিদর্শন করা হবে।


হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ও তীর্থভ্রমণ কর্মসূচির টিম লিডার তপন চন্দ্র মজুমদারের নেতৃত্বে এ ভ্রমণে দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ২৭ জন তীর্থযাত্রী অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।


অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বরিশালের রাম প্রসাদ ঘোষ, শিল্পী রানী ঘোষ ও কিরণ শংকর হালদার; টাঙ্গাইলের পরিমল বন্ধু বসাক ও বেনু বসাক; পঞ্চগড়ের বোদা উপজেলার ধনেশ চন্দ্র বর্মন; ঝালকাঠীর ইঞ্জিনিয়ার লিটন হালদার; ঢাকা সাভারের নিরাশা রানী দাস ও অঞ্জনা মনি ঋষি; পটুয়াখালীর রাঙাবলীর শিখা দাস; গোপালগঞ্জের কোটালীপাড়ার নিত্যানন্দ হালদার; ঢাকার ঊষা রানী দাস ও বীনা সাহা; মোহাম্মদপুরের উজ্জ্বল কুমার ঘোষ ও লক্ষ্মী রানী ঘোষ; ধামরাইয়ের দ্বিজেন্দ্র লাল বিশ্বাস ও ঝর্ণা বিশ্বাস; উত্তরার শিব শংকর মোদক ও মন্তোষ কুমার পাল; নেত্রকোনার নিরঞ্জন চন্দ্র দে ও লক্ষ্মী রানী দে; ঠাকুরগাঁওয়ের যামিনী কুমার রায়, চন্দন কুমার দে, অভিজিৎ চক্রবর্তী ও জ্যোতিষ চন্দ্র বর্মন এবং কুষ্টিয়ার সুজিত কুমার বিশ্বাস।


তীর্থযাত্রীদের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার দায়িত্ব পালন করবেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী হিসাবরক্ষক আশীষ কুমার সরকার।


হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভ্রমণকারীরা নির্ধারিত গাইডলাইন ও সরকারি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।


তীর্থভ্রমণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি-সম্পাদক, ট্রাস্টি এবং তীর্থযাত্রীদের প্রয়োজনীয়ভাবে অবহিত করা হয়েছে।


এ ছাড়া মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক, তাহিরপুরের শ্রীশ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্স উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, তথ্য ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা, হিসাব শাখাসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে।


হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের এ উদ্যোগকে ধর্মীয় মূল্যবোধ চর্চা, তীর্থসংস্কৃতির বিকাশ এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভক্ত-অনুরাগীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আধ্যাত্মিক বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15859
Page of