জৈন্তাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে চোরাচালান সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগ
নিউজ ডেস্ক।
সিলেটের জৈন্তাপুর মডেল থানায় কর্মরত পুলিশ সদস্য আব্দুর রহিমের বিরুদ্ধে চোরাচালান চক্রের সঙ্গে সখ্যতা এবং ভারতীয় অবৈধ মোটরসাইকেল কেনাবেচায় জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন একই থানায় কর্মরত থাকার সুযোগে তিনি একটি চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন।
স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, প্রায় তিন বছর ধরে একই এলাকায় দায়িত্ব পালনের কারণে আব্দুর রহিম সীমান্ত এলাকার বিভিন্ন চোরাচালান চক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, তিনি চোরাচালান পার্টিগুলোর সঙ্গে সাপ্তাহিক চুক্তির মাধ্যমে সীমান্ত পথে ‘লাইন’ পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে স্থানীয়দের মধ্যে তিনি থানার ‘লাইনম্যান’ হিসেবে পরিচিতি পান বলেও দাবি করা হয়।
আরও অভিযোগে বলা হয়, সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা মোটরসাইকেল সিলেটে এনে বিক্রি সংক্রান্ত একটি চক্রের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। এমনকি তিনি নিজে যে মোটরসাইকেল ব্যবহার করছেন সেটিও ভারত থেকে অবৈধভাবে আনা বলে অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে প্রকৃত তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে।