logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০২ জুন ২০২৬ ০২:০২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জন্মনিবন্ধনে ইউজার আইডি শেয়ার বন্ধে নতুন নির্দেশনা, হিসাব সহকারীকে দায়িত্ব দেওয়ার নির্দেশ

ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন কার্যক্রমে নতুন নিয়ম

চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:০২ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০২ জুন ২০২৬ ০২:০২ অপরাহ্ন
ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন কার্যক্রমে নতুন নিয়ম

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অননুমোদিতভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড শেয়ার বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব পালনে সমর্থ না হলে বা একাধিক ইউনিয়নে অতিরিক্ত দায়িত্বে থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরকে নিবন্ধন সহকারী (Authorized User) হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।


২৩ মে ২০২৬ তারিখে জারি করা স্মারকে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৪(১)(গ) ধারা অনুযায়ী চেয়ারম্যান বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা সদস্য ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করেন।


এতে আরও বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৮ এর বিধি ১৯(৪) অনুযায়ী নিবন্ধক তার কার্যালয়ের নিয়মিত বেতন কাঠামোর আওতাভুক্ত কর্মচারীর অনুকূলে নিবন্ধন সহকারী (Authorized User) হিসেবে User ID ও Password প্রদান করতে পারবেন।


নির্দেশনায় উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের কম্পিউটার ব্যবহারে কারিগরি জ্ঞানের অভাব কিংবা একাধিক ইউনিয়নে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে তারা নিজের User ID নিজে ব্যবহার না করে অননুমোদিত ব্যক্তির কাছে হস্তান্তর করেন। এর ফলে সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং জনভোগান্তি সৃষ্টি হচ্ছে।


এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরকে নিবন্ধন সহকারী হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে অননুমোদিত ব্যক্তিদের কাছে User ID শেয়ারিং বন্ধ হবে, জনভোগান্তি কমবে এবং সেবা সহজীকরণ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।


স্মারকে আরও বলা হয়েছে, নিজের User ID ও Password অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা ফৌজদারি অপরাধ এবং এগুলো কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়।


ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (যুগ্মসচিব) মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এ নির্দেশনা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদসমূহে পাঠানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15765
Page of