পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদত্যাগ, কারণ জানালেন দীপেন দেওয়ান
নিউজ ডেস্ক।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পদত্যাগপত্রে তিনি লেখেন, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদ থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করছেন।
পদত্যাগপত্রে তিনি আরও বলেন—
‘আমি দীপেন দেওয়ান, এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর হতে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি।
অতএব, উপর্যুক্ত কারণে আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।’
নিবেদক—
দীপেন দেওয়ান
এমপি, রাঙ্গামাটি পার্বত্য জেলা
ও
মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।