রাশিয়ায় ৩০ বাংলাদেশিকে প্রতারণায় পাঠানোর অভিযোগে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত
উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় প্রেরণের অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
ঢাকা, ১ জুন ২০২৬: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে আজ ১ জুন ২০২৬ তারিখে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মন্ত্রণালয় জানায়, এসব এজেন্সির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে শ্রমিকদের বিদেশে পাঠানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলে প্রতারণামূলকভাবে বিদেশে প্রেরণের সঙ্গে জড়িত কোনো চক্র, সংস্থা বা ব্যক্তিকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতকে সুরক্ষিত রাখতে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।
মন্ত্রী জানান, প্রতারণার শিকার ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় বিদেশগমনেচ্ছু নাগরিকদের উদ্দেশে সতর্ক করে বলেছে, কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার আগে তাদের বৈধতা ও শর্তাবলি ভালোভাবে যাচাই করা জরুরি।