logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩১ মে ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
গোয়াইনঘাটে নির্বাচিত জনপ্রতিনিধি গোলাম রব্বানী সুমনকে ঘিরে আলোচনা

জনপ্রতিনিধির পরিচয় কি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নয়?

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ মে ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ মে ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন
জনপ্রতিনিধির পরিচয় কি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নয়?

তানজিল হোসেন |

গোয়াইনঘাটের তরুণ প্রজন্মের পরিচিত মুখ গোলাম রব্বানী সুমন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন ঘটেছে তাঁর নির্বাচনী বিজয়ের মাধ্যমে।


সম্প্রতি উপজেলা প্রশাসনের আমন্ত্রণে একটি সরকারি অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে প্রশ্ন উঠেছে—একজন নির্বাচিত জনপ্রতিনিধির সরকারি বা প্রশাসনিক অনুষ্ঠানে অংশগ্রহণকে রাজনৈতিক আনুগত্যের মানদণ্ডে বিচার করা কতটা যৌক্তিক?


সচেতন মহলের মতে, একজন জনপ্রতিনিধির পরিচয় কেবল দলীয় নয়; তিনি একইসঙ্গে তাঁর এলাকার জনগণের প্রতিনিধি। রাষ্ট্রীয় বা প্রশাসনিক অনুষ্ঠানে অংশগ্রহণকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার পরিবর্তে দায়িত্ব ও প্রতিনিধিত্বের জায়গা থেকে মূল্যায়ন করা প্রয়োজন।


স্থানীয়দের অনেকেই মনে করেন, রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন মানুষের ব্যক্তিগত সততা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং জনসেবামূলক মানসিকতা গুরুত্বপূর্ণ বিষয়। পর্যবেক্ষকদের দাবি, গোলাম রব্বানী সুমন কখনো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসেননি। বরং অন্যায়, অনিয়ম ও সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে তাঁর অবস্থান বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে।


রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, ভিন্ন রাজনৈতিক অবস্থানও স্বাভাবিক। তবে ব্যক্তিগত ক্ষোভ বা প্রতিপক্ষতার কারণে কাউকে সামাজিকভাবে হেয় করা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনার লক্ষ্যবস্তু বানানো কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


গোয়াইনঘাটকে একটি সহনশীল, সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাজ হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সম্মান, যুক্তিবোধ এবং ভিন্নমতকে ধারণ করার মানসিকতার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সচেতন মহল। ব্যক্তি আক্রমণের পরিবর্তে গঠনমূলক আলোচনা ও সামাজিক সম্প্রীতির চর্চার আহ্বানও জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15738
Page of