ঈদের ছুটিতে পর্যটকে মুখর বিছনাকান্দী, নাগরিক সুবিধার অভাবে ভোগান্তি
স্টাফ রিপোর্টার।
ঈদুল আজহার দ্বিতীয় দিনে সিলেটের বিছনাকান্দী পর্যটন কেন্দ্রে ছিল পর্যটকদের উপচেপড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে হাজারো পর্যটক ছুটে আসেন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে।
পাহাড়, ঝর্ণাধারা ও স্বচ্ছ পানির মনোমুগ্ধকর পরিবেশে মুগ্ধ হয়ে আনন্দঘন সময় কাটাতে দেখা যায় দর্শনার্থীদের। ঈদের ছুটিকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ ও টুরিস্ট পুলিশ সদস্যরা বিছনাকান্দী পর্যটন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। সার্বক্ষণিক টহল ও নজরদারির কারণে পর্যটকদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।
তবে বিপুল সংখ্যক পর্যটকের আগমনের পরও সেখানে পর্যাপ্ত নাগরিক সুবিধা না থাকায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন অনেক দর্শনার্থী। পর্যটকদের অভিযোগ, এখনো বিছনাকান্দীতে পর্যাপ্ত ছাউনি, বসার স্থান, ড্রেসিং রুম ও আধুনিক বাথরুম ব্যবস্থা গড়ে ওঠেনি। বিশেষ করে নারী ও শিশু পর্যটকদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। দীর্ঘ সময় অবস্থান করলেও বিশ্রামের জন্য নেই কোনো মানসম্মত ব্যবস্থা।
পর্যটকরা জানান, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বিছনাকান্দী দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হলেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তারা দ্রুত পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে পর্যটকদের আগমনে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। নৌকা, খাবারের দোকান ও ছোট ব্যবসাগুলোতে বিক্রি বৃদ্ধি পেয়েছে। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বিছনাকান্দী আরও আকর্ষণীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে বলেও মনে করেন তারা।