ব্যাংককে আন্তর্জাতিক ‘বর্ষসেরা শিক্ষক’ সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস
নিউজ ডেস্ক।
সিলেটের কানাইঘাট উপজেলার তরুণ শিক্ষাবিদ জয় দাস থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ বা ‘বর্ষসেরা শিক্ষক’ সম্মাননা পেতে যাচ্ছেন। আগামীকাল ৩০ মে (শনিবার) আন্তর্জাতিক এ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
জয় দাস ‘লার্ন উইথ জয়’ (Learn with JOY) উদ্যোগের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে ইংরেজি ভাষা শিক্ষা, আইইএলটিএস প্রস্তুতি এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন। বিশেষ করে মফস্বল ও গ্রামের শিক্ষার্থীদের কাছে সহজ পদ্ধতিতে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
ওয়ার্ল্ড স্কুল সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, নেতৃত্বগুণ এবং উদ্ভাবনী চিন্তার স্বীকৃতি হিসেবেই তাঁকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এই আয়োজনে বিশ্বের ৩৫টিরও বেশি দেশের শিক্ষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও উদ্যোক্তারা অংশ নেবেন। সম্মেলনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈশ্বিক শিক্ষার উন্নয়ন নিয়ে মতবিনিময় করবেন জয় দাস। এবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাক্ষী মালিক।
এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে জয় দাস বলেন, এই সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি সিলেট তথা বাংলাদেশের শিক্ষা খাত, তাঁর শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত সাফল্য। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারা তাঁর জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষাক্ষেত্রে একজন তরুণ বাংলাদেশির এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক উদ্যোগে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।