logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৮ মে ২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা—নতুন ভবনের দাবিতে অভিভাবক-স্থানীয়দের ক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৮ মে ২০২৬ ০৩:০৮ পূর্বাহ্ন
ঝুঁকিপূর্ণ কক্ষে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা—নতুন ভবনের দাবিতে অভিভাবক-স্থানীয়দের ক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি। 

গোলাপগঞ্জে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ কক্ষে পাঠদান চলছে সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ উঠেছে।


বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আমুড়া ইউনিয়নে ৪১ শতক জমির ওপর অবস্থিত হলেও এখনো রয়েছে চরম অবকাঠামোগত সংকট। বর্তমানে এখানে ১২৯ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক থাকলেও ব্যবহারযোগ্য শ্রেণিকক্ষ মাত্র দুটি।


ফলে বাধ্য হয়ে একটি পুরনো টিন ও কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ কক্ষে নিয়মিত পাঠদান করানো হচ্ছে। সরেজমিনে দেখা যায়, কক্ষটির দরজা-জানালা নাজুক অবস্থায় রয়েছে এবং কাঠের খুঁটিগুলো পোকায় ক্ষতিগ্রস্ত হয়ে ভঙ্গুর হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই টিনশেড ভবনের ভেতরে পানি পড়ে, এতে পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়।


শিক্ষার্থীরা জানায়, ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করতে তাদের ভয় লাগে। তাদের ভাষায়, “কখন যেন কক্ষটি ভেঙে পড়ে—এমন আতঙ্ক নিয়ে আমরা ক্লাস করি।”


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকা হাসিনা আক্তার বলেন, শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ কক্ষ ব্যবহার করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান।


তিনি আরও বলেন, বৃষ্টি হলে পাঠদান পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে এবং ছোট জায়গায় গাদাগাদি করে ক্লাস করতে হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত নতুন ভবন নির্মাণ জরুরি।


অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন ভবনের দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত নিরাপদ ও আধুনিক ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।


স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি, অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15692
Page of