logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৬ মে ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
মামলা জট কমাতে গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান

সিলেটে গ্রাম আদালতে নিষ্পত্তি ২ হাজার ৭ মামলা

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মে ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ন
সিলেটে গ্রাম আদালতে নিষ্পত্তি ২ হাজার ৭ মামলা

সিলেট, ২০ মে : সিলেট জেলায় গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭টি। জানুয়ারি ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত জেলার ১০৬টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে এসব মামলার নিষ্পত্তি হয়েছে।


এ তথ্য জানানো হয় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভায়। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক পদ্মাসন সিংহ।


সভাপতির বক্তব্যে পদ্মাসন সিংহ বলেন, সরকার সুদূরপ্রসারী চিন্তাভাবনা থেকেই গ্রাম আদালতের কার্যক্রমকে সক্রিয় করেছে। আদালতের মামলা জট কমিয়ে আনতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তিনি সাধারণ জনগণের ভোগান্তি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে বলেন, মামলা নিষ্পত্তির লিখিত আদেশ সেবাপ্রত্যাশীদের বোধগম্য ভাষায় উপস্থাপন করতে হবে। পাশাপাশি মামলার রায়ের কপি অতি স্বল্প সময়ের মধ্যে বাদী-বিবাদীর হাতে পৌঁছে দেওয়ার নির্দেশনাও দেন তিনি।


বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, বিচারপ্রার্থীরা যাতে সঠিক সময়ে সঠিক বিচার পায়, সেজন্য গ্রাম আদালতের সঙ্গে সম্পৃক্ত সকলকে আরও আন্তরিকতা ও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের এ উদ্যোগ সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সহকারী কমিশনার মোছাদ্দেকা বেগম বৃষ্টির সঞ্চালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, সিলেট-এর ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।


সভায় সিলেট জেলার ১০৬টি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15643
Page of