নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে সিলেটে পিভিএইচপি প্রকল্প নিয়ে কর্মশালা
সিলেটে শিশু ও নারীদের ওপর সহিংসতা রোধ এবং সামাজিক সুরক্ষাবলয় তৈরির লক্ষ্যে গৃহীত ‘প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্র্যাকটিসেস এগেইনস্ট চিলড্রেন অ্যান্ড উইমেন ইন বাংলাদেশ (PVHCP)’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালকের কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. শামীমা নাসরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। সভাপতিত্ব করেন এবং প্রকল্পের পরিচিতি ও সিলেট জেলায় নারী ও শিশু নির্যাতনের তথ্য উপাত্ত তুলে ধরে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহীনা আক্তার।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন পিভিএইচপি প্রকল্পের শিশু সুরক্ষা কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস রায়, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সুধীজন।
বক্তারা বলেন, নারী ও শিশুদের অধিকার ও মর্যাদা রক্ষায় একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরিতে ইউনিসেফ ও বাংলাদেশ সরকার যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে পরিচালিত হাবগুলো সারা দেশে শিশুর সুরক্ষায় কাজ করবে এবং স্কুলের বাইরেও শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, শিশুদের ওপর সহিংসতা, বাল্যবিবাহসহ নানা ক্ষতিকর আচরণ তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি শারীরিক, মানসিক ও আবেগীয় স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।