logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৫ মে ২০২৬ ০৪:০২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ঈদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ও মহড়া

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ মে ২০২৬ ০৪:০২ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ মে ২০২৬ ০৪:০২ অপরাহ্ন
ঈদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ও মহড়া

জকিগঞ্জ প্রতিনিধি:


আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জকিগঞ্জ থানা পুলিশ।


ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, যানজট ও পশুর হাটে সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়।


রবিবার (২৪ মে) বিকেল থেকে জকিগঞ্জ বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ, পশুর হাট ও জনবহুল এলাকায় পুলিশের একাধিক টিম একযোগে এ মহড়ায় অংশ নেয়। টহল কার্যক্রমে নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।


পুলিশ সূত্র জানায়, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত বৃদ্ধি, বাজারে কেনাকাটার চাপ এবং পশুর হাটকে কেন্দ্র করে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় সাদা পোশাকে নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।


মহড়াকালে বিভিন্ন যানবাহনে তল্লাশির পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সদস্যরা। এ সময় নিরাপত্তা সচেতনতা বাড়াতে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে জানাতে আহ্বান জানানো হয়।


জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জকিগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ টহল ও মহড়া অব্যাহত রয়েছে। জনগণের জানমাল রক্ষায় থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অপরাধ, নাশকতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”


তিনি আরও বলেন, “পশুর হাট, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েনসহ নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল ও কেনাকাটা করতে পারেন, সে লক্ষ্যেই পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”


স্থানীয়রা পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, ঈদকে সামনে রেখে এ ধরনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সাধারণ মানুষের নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15617
Page of