logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ মে ২০২৬ ১১:০৫ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ঈদকে সামনে রেখে এসএমপির কঠোর নিরাপত্তা পরিকল্পনা

সিলেটে পশুর হাটে ড্রোন নজরদারি, থাকবে কন্ট্রোল রুম ও সাদা পোশাকে পুলিশ

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:০৫ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
সিলেটে পশুর হাটে ড্রোন নজরদারি, থাকবে কন্ট্রোল রুম ও সাদা পোশাকে পুলিশ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা–২০২৬ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। রোববার (১৮ মে) বিকাল ৩টায় এসএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।


সভায় কোরবানির পশুর হাটের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ কমিশনার জানান, সিলেট সিটি কর্পোরেশন মহানগর এলাকায় কাজীরবাজারে একটি স্থায়ী পশুর হাটের পাশাপাশি আরও ৫টি অস্থায়ী হাটের ইজারা দিয়েছে। প্রতিটি হাটে থাকবে পুলিশের কন্ট্রোল রুম, সাদা পোশাকে নজরদারি এবং ড্রোন মনিটরিং ব্যবস্থা।


তিনি স্পষ্টভাবে জানান, কোনোভাবেই ফুটপাত বা সড়কে পশুর হাট বসানো যাবে না এবং পথে পশুবাহী ট্রাক অন্য হাটে জোরপূর্বক নামাতে বাধ্য করা বা হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


পশু ব্যবসায়ীদের নগদ অর্থ বহনে পুলিশি সহায়তা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে এসএমপির সহায়তা পাওয়া যাবে। এছাড়া হাটের ইজারাদারদের হাসিলের তথ্য দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।


সভায় চাঁদাবাজি রোধ, ট্রাকে যাত্রী পরিবহন বন্ধ এবং ঈদে বাড়ি যাওয়ার আগে নগরবাসীর মূল্যবান মালামাল পুলিশের হেফাজতে রাখার বিশেষ ব্যবস্থার কথাও জানানো হয়। এ সেবা নিতে এসএমপি হেডকোয়ার্টার্স বা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


সমন্বয় সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও পশুর হাটের ইজারাদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15512
Page of