সিলেট সীমান্তে বিএসএফের গুলি, তাৎক্ষণিক জবাব দিল বিজিবি
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কড়া ও পেশাদার পদক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা গুলিবর্ষণ করে। পরে পরিস্থিতি শান্ত হয় এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।