logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৪ মে ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মুড়াকরি হাই স্কুলে ভুয়া সনদ বিতর্কে উত্তাল লাখাই, মানববন্ধনে শিক্ষার্থীদের প্রতিবাদ

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন
মুড়াকরি হাই স্কুলে ভুয়া সনদ বিতর্কে উত্তাল লাখাই, মানববন্ধনে শিক্ষার্থীদের প্রতিবাদ

লাখাই উপজেলা প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি হাই স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোতালিব মিয়ার বিরুদ্ধে জাল সনদ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।


অভিযোগের প্রতিবাদে এবং বিতর্কিত এ নিয়োগ বাতিল ও স্বচ্ছ তদন্তের দাবিতে বুধবার (১৩ মে) সকাল ১০টায় মুড়াকরি বাজারে কয়েকশ শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।


সকাল থেকেই বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। প্রায় ৩ ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা “শিক্ষা বাঁচাও, প্রতিষ্ঠান বাঁচাও”, “জালিয়াতি সভাপতি মানি না, মানব না”, “দুর্নীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান চাই”—এমন নানা স্লোগানে প্রতিবাদ জানান। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আন্দোলনকারীদের দাবি, মোতালিব মিয়া কবি নজরুল সরকারি কলেজের নাম ব্যবহার করে একটি ভুয়া ও জাল বি.এ পাসের সনদ জমা দিয়ে সভাপতির পদ গ্রহণ করেছেন। তাদের অভিযোগ, এসএসসি পাসের পর তার শিক্ষাগত অগ্রগতির কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। এর আগেও গত ২৫ এপ্রিল এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।


আন্দোলনরত শিক্ষার্থী ও গ্রামবাসীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম রক্ষায় কোনো অযোগ্য ও বিতর্কিত নেতৃত্ব তারা মেনে নেবেন না। দ্রুত তদন্ত করে যোগ্য ও শিক্ষাবান্ধব সভাপতি নিয়োগের দাবি জানান তারা, নতুবা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


খবর পেয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।


অন্যদিকে, অভিযুক্ত মোতালিব মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো জাল সনদ ব্যবহার করেননি এবং কিছু লোক তার সম্মান ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।


এ ঘটনায় স্থানীয় পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল মনে করছেন, দ্রুত তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15399
Page of