logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ১৪ মে ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
সুরমার বুকে নিভে গেল জহুরুলের জীবন, শোকে স্তব্ধ শাল্লা

নৌকা থেকে পড়ে নিখোঁজ, অবশেষে সুরমায় ভেসে উঠল জহুরুলের মরদেহ

চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ১৪ মে ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন
নৌকা থেকে পড়ে নিখোঁজ, অবশেষে সুরমায় ভেসে উঠল জহুরুলের মরদেহ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সুরমা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পর যুবক মো. জহুরুল ইসলামের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে শ্রীহাইল হোসেনপুর সংলগ্ন সুরমা নদীর ‘খরচ বাগান’ এলাকা থেকে তাঁর মরদেহ ভেসে ওঠে।


নিহত জহুরুল ইসলাম শাল্লা উপজেলার ২ নম্বর ওয়ার্ডের শ্রীহাইল (ছিতার কান্দি) গ্রামের মো. মালেক মিয়ার ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে জহুরুল নিজ গ্রাম থেকে নৌকাযোগে শাল্লার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সুরমা নদীর ‘খরচ বাগান’ এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান।


স্বজনদের দাবি, জহুরুল মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, নৌকায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি নিজেকে সামলাতে না পেরে নদীতে পড়ে যান।


নিখোঁজ হওয়ার পর পুলিশ, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও মঙ্গলবার তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে নিখোঁজ হওয়ার স্থানসংলগ্ন এলাকায় তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে গ্রামবাসী ও স্বজনরা মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।


জহুরুলের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নদীর তীরে শত শত মানুষ ভিড় করেন। পরিবারের সদস্যদের বুকফাটা আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনকে নিথর অবস্থায় ফিরে পাওয়ায় গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী মরহুম জহুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15397
Page of