logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০৬ এপ্রিল ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জনমতের ভিত্তিতে শ্রীমঙ্গলের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে: এমপি মো. মুজিবুর রহমান

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ এপ্রিল ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ এপ্রিল ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন
জনমতের ভিত্তিতে শ্রীমঙ্গলের পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে: এমপি মো. মুজিবুর রহমান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী পাঁচ বছরের পঞ্চবার্ষিকী উন্নয়ন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার অনুসারে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের পঞ্চবার্ষিকী উন্নয়ন কৌশল প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় করা হয়।


সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, চা শ্রমিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা শ্রীমঙ্গলের প্রধান সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল যানজট নিরসন, পর্যটকবান্ধব উন্নয়ন, ময়লার ভাগার অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, চা বাগানের শ্রমিকদের আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, “সভায় উত্থাপিত জনগণের মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।” তিনি তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। শ্রীমঙ্গলের সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে বলেও তিনি জানান।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন আগ্রহী সকলকে আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে আহ্বান জানান, যাতে ২০২৬-২৭ অর্থবছর ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়।


সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14547
Page of