ব্রিটিশ রাজপরিবারের ‘এমবিই’ খেতাবে ভূষিত হলেন কমলগঞ্জের মনওয়ারা আলী
সালেহ আহমদ (স'লিপক), কমলগঞ্জ:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতাল নির্বাহী কমিটির মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক (বর্হিঃবিশ্ব) মনওয়ারা আলী ব্রিটিশ রাজপরিবার কর্তৃক মর্যাদাপূর্ণ এমবিই (Member of the British Empire) খেতাবে ভূষিত হয়েছেন। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষা এবং অসহায় নারী ও শিশুদের কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
সেবা ও কর্মজীবন:
বিলেতে বসবাসরত রমিজ আলীর সহধর্মিনী এবং শমশেরনগরের স্থায়ী বাসিন্দা মনওয়ারা আলী দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমাজসেবামূলক কাজ করে আসছেন। মাত্র ১৮ বছর বয়স থেকে শুরু করে আজ অবধি তিনি দেশ ও বিদেশে সমান্তরালভাবে মানবিক সেবা প্রদান করছেন।
তিনি বর্তমানে ব্রিটেনের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা ‘ওয়ালথাম ফরেস্ট কমিউনিটি হাব’-এর প্রধান নির্বাহী এবং ‘চার্টার্ড ইনস্টিটিউট অফ ফান্ডরাইজিং’-এর ইডিআই কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ‘স্টো ইন্সপায়ার সিআইসি’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। এর আগে তিনি দীর্ঘদিন ‘উইলিয়াম মরিস বিগ লোকাল পার্টনারশিপ’-এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নিয়ে ইন্টার্নশিপ করার বিরল অভিজ্ঞতাও তাঁর রয়েছে।
হাসপাতালের সাথে সম্পৃক্ততা:
শমশেরনগর জেনারেল হাসপাতালের অন্যতম দাতা সদস্য মনওয়ারা আলী হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকেই এর উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিলেতে কমলগঞ্জ উপজেলাবাসীর মধ্যে তিনিই প্রথম এই গৌরবময় ‘এমবিই’ খেতাব অর্জন করলেন।
অভিনন্দন ও কৃতজ্ঞতা:
মনওয়ারা আলীর এই অনন্য কৃতিত্বে তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন শমশেরনগর জেনারেল হাসপাতাল নির্বাহী কমিটির সভাপতি ও বরেণ্য কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, মুখ্য পলিসি মেইকার অধ্যক্ষ সাইফুর রহমান কামরান, প্রধান রূপকার ময়নুল ইসলাম খান, ভূমিদাতা সরওয়ার জামান রানা, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, এবং হাসপাতাল ইউকে কমিটির সভাপতি ড. সৈয়দ মাসুমসহ দেশ ও বিদেশে অবস্থানরত হাসপাতালের পরিচালনা পর্ষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, মনওয়ারা আলীর এই বৈশ্বিক স্বীকৃতি শমশেরনগর তথা পুরো বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের এবং তাঁর এই সাফল্য সেবামূলক কাজে নতুন প্রেরণা যোগাবে।