logo
চ্যানেল জৈন্তা নিউজ
মৌলভীবাজার ০২ এপ্রিল ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম ও প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ০২ এপ্রিল ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন মৌলভীবাজার
চ্যানেল জৈন্তা নিউজ ০২ এপ্রিল ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম ও প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |

মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্সসহ আখানগীরী গ্রামের কালেকা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।


ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় এবং কারের ভেতর থেকে ১টি কাটার মেশিন, ১টি ধারালো দা, ১টি চাকু, ১টি লোহার পাইপ, ১টি বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট দীর্ঘ একটি রশি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয় ও অপরাধচিত্র:

গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার বিরাট (হাসামপুর) গ্রামের সেলিম মিয়া ওরফে হেলিম মিয়া (৩৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উত্তর পাচাউন গ্রামের শাহ ইকবাল হোসেন ওরফে শাহ পরান (৩৭), মৌলভীবাজার সদর থানার শ্রীরাইনগর গ্রামের মবিল খান (৪৮), সিলেট জেলার বালাগঞ্জ থানার নসিয়ারপুর গ্রামের শাহেদ মিয়া (২৬) এবং মৌলভীবাজার সদর থানার পতন (শাহবন্দর) গ্রামের মোঃ অভি (২৪)।

তাদের অপরাধ রেকর্ড পর্যালোচনায় জানা গেছে, শাহ ইকবালের বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি ও নারী নির্যাতনসহ ১১টি মামলা, সেলিম মিয়ার বিরুদ্ধে ৫টি ডাকাতি ও চুরি মামলা এবং মবিল ও শাহেদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, "প্রাথমিক তদন্ত ও থানা রেকর্ড পর্যালোচনায় আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের পলাতক অন্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।"

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14494
Page of