কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার
সিলেট| সিলেট মহানগরীর বন্দর বাজার এলাকা থেকে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম আইন উদ্দিন (২৮)। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ মোট আটটি মামলা রয়েছে।
কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার ( ২৭ মার্চ) আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পীরের চক (পীরের বাজার), থানা- শাহপরান (রঃ), জেলা- সিলেট এর বাসিন্দা আইন উদ্দিনকে আটক করা হয়।
তার পিতার নাম শফিক মিয়া এবং মাতার নাম হাজেরা বেগম।সিডিএমএস (ক্রিমিনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে দেখা যায়, ধৃত আসামি আইন উদ্দিনের বিরুদ্ধে পূর্বে ০১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ০৪টি চুরি মামলা, ০১টি দ্রুত বিচার মামলা এবং ০২টি মাদক মামলাসহ মোট ০৮টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।