বিএনপি নেতা রহিমের বিরুদ্ধে টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগ
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম (রিপন)-এর বিরুদ্ধে মামলা বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ তুলে অনাস্থা প্রকাশ করেছেন আহ্বায়ক কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য। কমিটির ৩৩ জন সদস্যের মধ্যে ২৬ জনই তাঁর অব্যাহতির দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লিখিত আবেদন করেছেন। অভিযোগকারীরা রিপনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা এবং ৫ আগস্ট-পরবর্তী সময়ে মামলার ভয় দেখিয়ে বিপুল অর্থ উপার্জনের অভিযোগ এনেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আব্দুর রহিম রিপন ব্যক্তিগতভাবে জেলার মিনিবাস টার্মিনাল দখল করেছেন এবং তাঁর ভাইয়ের মাধ্যমে বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। এছাড়া গত ১২ ফেব্রুয়ারি সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে জামায়াতের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন বলেও অভিযোগে দাবি করা হয়। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান জানান, সদস্য সচিবের ওপর সবার অনাস্থা তৈরি হওয়ায় দলের বৃহত্তর স্বার্থে নতুন কাউকে দায়িত্ব দেওয়া এখন সময়ের দাবি।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম (ময়ূন) ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলে রিপনকে পাওয়া যায়নি। তবে জেলা আহ্বায়ক ফয়জুল করিম জানান, তিনি দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বর্তমানে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের এই অনাস্থা ও অব্যাহতির দাবিকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা বিএনপিতে চরম অস্থিরতা বিরাজ করছে।