কেএসকেপির উদ্যোগে বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, নেতৃত্বে শিক্ষকরা
বড়লেখা প্রতিনিধি : প্রায় এক বছর আগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সদস্যদের অর্থায়নে বাজারে স্থাপন করা হয় ৭টি উন্নত মানের ডাস্টবিন, যার লক্ষ্য ছিল বাজারকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা। তবে সময়ের সঙ্গে সঙ্গে অবহেলা ও অযত্নে ডাস্টবিনগুলোই ময়লার স্তূপে পরিণত হয়।
এ অবস্থায় আবারও এগিয়ে আসে কেএসকেপি। সংগঠনের পক্ষ থেকে পুরনো ডাস্টবিনগুলো পরিষ্কার করা এবং নতুন ডাস্টবিন সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষক সদস্যরা, যা সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
নিজ হাতে বাজার পরিষ্কার কার্যক্রমে অংশ নেন সুজানগর পাথারিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল হক রাসেল, মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিদ খান, কেছরীগুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান মুক্তা, চুকারপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান, ব্লু-বার্ড কিন্ডারগার্টেনের সহকারী প্রধান শিক্ষক তোফায়েল আহমদ, কাঠালতলী একাডেমির শিক্ষক রায়হান চৌধুরী, সহকারী শিক্ষক শামীম আহমদ এবং ব্লু-বার্ড কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক কিবরিয়া আল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কেএসকেপির সহ-সভাপতি আহাদুর রহমান, ক্রিয়েটিভ অ্যান্ড প্ল্যানিং ডিরেক্টর মুরশেদ আলম, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ এবং সহ অর্থ সম্পাদক মিনহাজুল ইসলাম।
আয়োজকরা জানান, বাজার পরিষ্কার রাখার দায়িত্ব শুধু কোনো সংগঠন বা কয়েকজন মানুষের নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। সমাজের শিক্ষিত ও শ্রদ্ধেয় ব্যক্তিরা যখন নিজ হাতে এ ধরনের কাজে অংশ নেন, তখন তা সাধারণ মানুষের জন্য বড় ধরনের অনুপ্রেরণা হয়ে ওঠে।
তারা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিজেদের অবস্থান থেকে দায়িত্বশীল হলে পরিচ্ছন্ন বাজার ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব