logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ৩০ ডিসেম্বর ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন WP Import

সিলেটে এক মাসে ডেঙ্গুর সংক্রমণে অর্ধশতাধিক আক্রান্ত

WP Import ৩০ ডিসেম্বর ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন অনলাইন ডেস্ক
WP Import ৩০ ডিসেম্বর ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন
সিলেটে এক মাসে ডেঙ্গুর সংক্রমণে অর্ধশতাধিক আক্রান্ত
সিলেটে এক মাসে ডেঙ্গুর সংক্রমণে অর্ধশতাধিক আক্রান্ত

শীত মৌসুমেও সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিভাগজুড়ে ডেঙ্গু এখন রীতিমতো আতঙ্কের নাম। গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চলতি ডিসেম্বর মাসেই আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

 

মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ছয়জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি আছেন।

 

সর্বশেষ তথ্যানুযায়ী, ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৮ জনে। এর মধ্যে হবিগঞ্জে সর্বাধিক ২৫৬ জন, মৌলভীবাজারে ১০৬ জন, সুনামগঞ্জে ৮৯ জন এবং সিলেট জেলায় ৮৭ জন রোগী শনাক্ত হয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে এবং অপরজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকা উদ্বেগজনক। তারা মশা নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/8822
Page of