মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান জোরদার, পানের পিক ও ময়লা ফেলা রোধে মাইকিং
মৌলভীবাজার প্রতিনিধি:
রোগীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। হাসপাতালের ভেতরে ও বাইরে ময়লা-আবর্জনা এবং পানের পিক ফেলে পরিবেশ নষ্ট করা থেকে বিরত থাকতে সেবাগ্রহীতা ও রোগীদের স্বজনদের সচেতন করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে নির্ধারিত স্থানে রাখা ডাস্টবিনে ময়লা ফেলার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে পান খেয়ে যত্রতত্র পানের পিক না ফেলতে অনুরোধ করা হচ্ছে।
এর আগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ ও সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিকের নির্দেশনায় পান-সুপারি এবং তামাক-জর্দাবিরোধী অভিযান শুরু হয়। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হাসপাতাল পরিবেশ বজায় রাখতে এ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় হাসপাতালের সদ্য যোগদানকৃত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মঈন উদ্দিন আলমগীরের নির্দেশনা ও উপস্থিতিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় আউটসোর্সিং স্টাফদের অংশগ্রহণে হাসপাতালের পঞ্চম তলায় অবস্থিত হাম আইসোলেশন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
এ বিষয়ে হাসপাতালের আউটসোর্সিং সুপারভাইজার সাইফুল ইসলাম জুনেদ ও সহকারী সুপারভাইজার মো. রফিক মিয়া রোমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁরা নিয়মিত হাসপাতালের ভেতরে ও বাইরের পরিচ্ছন্নতা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন।
তাঁরা আরও বলেন, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব নয়; এখানে সেবা নিতে আসা রোগী, স্বজন ও দর্শনার্থীদেরও সচেতন হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে পরিচ্ছন্নতা অভিযান আরও কার্যকর ও সফল হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগের মাধ্যমে রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।