logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ছাতক পৌরবাসীর ভোগান্তি লাঘবে পৃথক ভূমি অফিস চান এমপি মিলন, ভূমিমন্ত্রীকে চিঠি

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
ছাতক পৌরবাসীর ভোগান্তি লাঘবে পৃথক ভূমি অফিস চান এমপি মিলন, ভূমিমন্ত্রীকে চিঠি

ছাতক প্রতিনিধিঃ


সুনামগঞ্জের ছাতক পৌরসভায় পৃথক পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। এ দাবিতে তিনি ভূমিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।


আবেদনে সংসদ সদস্য উল্লেখ করেন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ছাতক পৌরসভার জনসংখ্যা প্রায় ৫০ হাজার। ঐতিহ্যবাহী এ পৌরসভা ব্যবসা-বাণিজ্যের জন্য সুপরিচিত। এখানে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, আকিজ প্লাস্টিক কারখানা, নিটল-নিলয় এবং বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।


এত গুরুত্বপূর্ণ ও জনবহুল একটি পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে পৃথক কোনো পৌর ভূমি অফিস নেই বলে আবেদনে উল্লেখ করেছেন এমপি মিলন।


তিনি জানান, পৌরসভায় ভূমি অফিস না থাকায় ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে স্থানীয় বাসিন্দাদের প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।


আবেদনে ছাতক পৌরবাসীর দীর্ঘদিনের এ ভোগান্তির বিষয়টি তুলে ধরে পৌর এলাকায় পৃথক ভূমি অফিস স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। একই সঙ্গে নাগরিকদের ভূমিসংক্রান্ত সেবা সহজলভ্য ও জনবান্ধব করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভূমিমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন তিনি।


স্থানীয়দের প্রত্যাশা, ছাতক পৌরসভায় পৃথক পৌর ভূমি অফিস স্থাপন করা হলে জমির খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন ভূমিসেবা গ্রহণে নাগরিকদের দুর্ভোগ অনেকাংশে কমবে। পাশাপাশি ভূমিসংক্রান্ত সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও মানুষের নাগালের মধ্যে পৌঁছাবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/19220
Page of