চুনারুঘাটে ইজিবাইকে মিলল ৩৩.৫ কেজি গাঁজা, এসআরবি-৯ এর অভিযানে গ্রেপ্তার ১
হবিগঞ্জের চুনারুঘাটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)-এর অভিযানে ৩৩ দশমিক ৫ কেজি গাঁজাসহ বিষ্ণু চন্দ্র কর (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইকও জব্দ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজসংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চেকপোস্ট স্থাপন করে। এ সময় চুনারুঘাট বাজার থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক থামানোর সংকেত দিলে এক যাত্রী নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ইজিবাইকের যাত্রী আসনের ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো ৩৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার বিষ্ণু চন্দ্র কর চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত উপেন্দ্র চন্দ্র করের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে এসআরবি জানিয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে উদ্ধার করা গাঁজা ও জব্দ করা ইজিবাইকসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।