logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৬ নভেম্বর ২০২৬ ০২:৩২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

কনস্টেবল থেকে এএসআই পদে সুপারিশপ্রাপ্ত জৈন্তাপুরের সাদিকুল ইসলাম

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ নভেম্বর ২০২৬ ০২:৩২ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ নভেম্বর ২০২৬ ০২:৩২ পূর্বাহ্ন
কনস্টেবল থেকে এএসআই পদে সুপারিশপ্রাপ্ত জৈন্তাপুরের সাদিকুল ইসলাম

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফলাফলে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার যশপুর গ্রামের সাদিকুল ইসলাম। কনস্টেবল পদে কর্মরত অবস্থায় নিজের মেধা, যোগ্যতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন। সিলেট জেলা থেকে সুপারিশপ্রাপ্ত ৪৮ জনের তালিকায় স্থান পেয়েছেন তিনি।


সাদিকুল ইসলাম জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের মরহুম হাফিজ মাওলানা সামছুল আলমের ছেলে। বর্তমানে তিনি জৈন্তিয়া ডিগ্রি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষে অধ্যয়নরত। পুলিশে দায়িত্ব পালনের পাশাপাশি উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার পাশাপাশি এএসআই পদে নিয়োগের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেন তিনি।


জানা গেছে, ২০২৩ সালে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন সাদিকুল ইসলাম। কর্মজীবনের শুরুতে কক্সবাজার জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে মৌলভীবাজার পুলিশ লাইনে দায়িত্ব পালন করেন তিনি।


এরই মধ্যে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সিলেট জেলার প্রার্থী হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন সাদিকুল। গত ২১ থেকে ২৩ জুন অনুষ্ঠিত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সব ধাপে উত্তীর্ণ হন তিনি। এরপর ৩১ জুলাই ও ১ আগস্ট অনুষ্ঠিত লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেন। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন।


পরবর্তী সময়ে ৩০ সেপ্টেম্বর সিলেট রেঞ্জ অফিসে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। নিয়োগপ্রক্রিয়ার সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পর গত ৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত চূড়ান্ত ফলাফলে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন সাদিকুল ইসলাম। সিলেট জেলা থেকে সুপারিশপ্রাপ্ত ৪৮ জনের তালিকায় তাঁর নাম থাকায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।


নিজের অনুভূতি প্রকাশ করে সাদিকুল ইসলাম বলেন, মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, সবার দোয়া, কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁর মরহুম বাবাকে, যিনি জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব ছিলেন। তিনি বলেন, বাবা-মায়ের দোয়া, ত্যাগ ও ভালোবাসা তাঁকে আজকের অবস্থানে আসতে সহযোগিতা করেছে। এ সাফল্যের জন্য তিনি এলাকার সবার কাছে দোয়া কামনা করেন।


ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাদিকুল ইসলাম বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালন করে দেশ ও মানুষের সেবা করতে চান। একই সঙ্গে হালাল উপার্জন, ন্যায়নিষ্ঠা ও সততার পথে জীবন পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


কনস্টেবল পদে কর্মজীবন শুরু করে প্রতিযোগিতামূলক নিয়োগপ্রক্রিয়ার সব ধাপ সফলভাবে অতিক্রম করে এএসআই পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার এ অর্জন সাদিকুল ইসলামের পেশাগত জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাঁর এ সাফল্যে জৈন্তাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেছেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18666
Page of